বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের কাঙ্ক্ষিত সফলতা পেতে এখনও অনেক পরিশ্রমের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের কাঁধে নিতে হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় জেলায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। কারণ, দেশের ২০ কোটি মানুষের সঙ্গে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফা কর্মসূচির বিষয়বস্তু জনগণের মাঝে তুলে ধরবেন।
তিনি আরও বলেন, “আমরা কোনো জুলুম করব না, প্রতিশোধেও বিশ্বাস করি না। আমাদের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জনগণের সামনে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরতে চাই, যাতে তারা বিএনপির ওপর আস্থা রাখতে পারে। এজন্য প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো জনগণের আস্থা অর্জন করা।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিকে আধুনিকায়নের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে এবং কৃষকদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হবে।
এর আগে, তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
পঞ্চগড় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার বানু সহ কেন্দ্রীয় নেতারা।
এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার আওতাভুক্ত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
0 Comments