বিশ্বব্যাপী গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের মধ্যেই যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকায় গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েল ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা হয়েছে সাধারণ ধর্মঘট। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বৈঠক করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ছাড়াও নেতানিয়াহু মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনা করবেন। স্থানীয় সময় রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তিনি।

ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনথ’ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। সেখানে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের দাবির প্রেক্ষাপটে জিম্মি বিনিময় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উইটকফ বৈঠকে উপস্থিত থাকবেন।

এ ছাড়া ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই বৈঠকে ইসরায়েলের ওপর আরোপিত ১৭ শতাংশ শুল্ক নিয়েও আলোচনা হতে পারে। লুটনিক বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি তত্ত্বাবধানের দায়িত্বে আছেন।

সফরের ঘোষণা আসার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। যদিও এই সফর মঙ্গলবারের মধ্যে শেষ হওয়ার কথা, তবে সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।


Post a Comment

0 Comments